
গোড়ালির ইনজুরিতে পড়ে ঘরের মাটিতে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারেননি দেশসেরা পেসার তাসকিন আহমেদ। চোট সারাতে দেশে তো বটেই লন্ডনের চিকিৎসকের শরণাপন্নও হন। সবমিলিয়ে তিনজন ফিজিশিয়ানকে দেখিয়েছেন তাসকিন। দেশে ফিরে এখন পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ডানহাতি এই পেসার। মিরপুর শের-ই বাংলার মাঠে নিয়মিত অনুশীলনও করছেন। মূলত রানিং সেশনেই এখন বেশি মনোযোগ তার।

বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ফেরার খবরও জানালেন তাসকিন। বলেন, ‘নির্দিষ্টভাবে কবে ফিরব, সে বিষয়ে আসলে নির্দিষ্ট তারিখ বলাটা কঠিন। তবে সামনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফেরার ইচ্ছা। জুনের প্রথম দিকে আশা করা যায়, যদি কোনো সমস্যা না থাকে। এখন যেভাবে চলছে তাতে আমি খুশি আলহামদুলিল্লাহ। এখনো কোনো কমপ্লেইন নাই। যদি এভাবে সুন্দর স্মুদলি যাই, তাহলে তো খুবই ভালো’।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর সর্বশেষ ডিপিএলের বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তাসকিন। পরে গোড়ালির চোটের কারণে টাইগার এই তারকা পেসার ছিটকে যান মাঠের বাইরে।
আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন উইকেট নিয়েছেন ২৪০টি। এর ৬৩টিই নিয়েছেন এ বছরে। ২০২৪ সালেই বাংলাদেশের জার্সি গায়ে সবচেয়ে বেশি ৩০টি ম্যাচ খেলেছেন। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত তিন বছরের প্রতি বছরের ৩টি ম্যাচ কম খেলেও উইকেট পেয়েছিলেন সর্বোচ্চ ৪৬টি (বাকি দুই বছর ৩৩ ও ৩৪)।
৩০ বছরের এই তারকা পেসার ক্যারিয়ারে এ পর্যন্ত মোট ১৭টি টেস্ট, ৭৯টি ওয়ানডে ও ৭৩টি টি-টয়েন্টি ম্যাচ খেলেছেন। পেয়েছেন যথাক্রমে ৪৯, ১১১ ও ৮২ উইকেট।
মন্তব্য করুন