

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর সমন্বিত জোট গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে এখনো তারা পূর্ণাঙ্গ প্যানেলের নাম ঘোষণা করেনি।
জোটের পক্ষ থেকে ভিপি পদে মনোনয়ন নিয়েছেন ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। জিএস পদে প্রার্থী হচ্ছেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু। এজিএস পদে ফরম নিয়েছেন জাবির আহমেদ জুবেল।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম নেওয়ার পর সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু ছয় দফা দাবি উত্থাপন করেন। তিনি জানান, আগামীকাল (মঙ্গলবার) জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।
১. শিক্ষার্থী নিপীড়নে জড়িতদের তালিকা প্রকাশ করে বহিষ্কার এবং তাদের প্রার্থিতা বাতিল।
২. জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার পক্ষ সমর্থনকারী শিক্ষকদের প্রভোস্ট পদ থেকে অপসারণ।
৩. নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় স্পষ্ট নির্দেশনা প্রণয়ন।
৪. নির্বাচনের আগে পরীক্ষা স্থগিত, বাড়তি পরিবহন ব্যবস্থা ও পর্যাপ্ত ভোটকেন্দ্র নিশ্চিতকরণ।
৫. অনলাইনে গুজব ও বিভ্রান্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা।
৬. ক্যাম্পাসে মব পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের স্পষ্ট রূপরেখা প্রণয়ন।
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন পরিষদের মোজাম্মেল হকও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মন্তব্য করুন