

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও দশম স্থানে নেমে গেছে বাংলাদেশ। ২০ দলের মধ্যে ৯ নম্বর থেকে এক ধাপ পিছিয়ে ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে টাইগাররা এখন দশম স্থানে রয়েছে।
সবশেষ শ্রীলঙ্কা সফরে একটি ওয়ানডে জয়ের পর দশ থেকে ৯ নম্বরে উঠেছিল শান্ত-লিটনরা। তবে নতুন হালনাগাদে মাঠে নামা ছাড়াই অবনমন হলো তাদের। এর কারণ—পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে জয়। পাঁচ উইকেটের এই জয়ে ক্যারিবীয়রা ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে, ফলে বাংলাদেশ এক পয়েন্ট কম নিয়ে দশে নেমে গেছে।
এর আগে ২০২৫ সালের মে মাসেও বাংলাদেশ দশম স্থানে নেমে গিয়েছিল। সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলতে হলে আগামী ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে।
অন্যদিকে, এক ধাপ নেমে ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান এখন পঞ্চম স্থানে, আর ১০৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। শীর্ষে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত, দ্বিতীয় স্থানে রানার্সআপ নিউজিল্যান্ড।
মন্তব্য করুন