

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খানের জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। এই ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
শুধু তাই নয়, তদন্ত ও বিচার প্রক্রিয়ায় এই হত্যাকাণ্ড ঘিরে অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেই বাস্তব ঘটনার প্রেক্ষিতে নির্মাণ হচ্ছে এই সিনেমা। সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, সিনেমায় মেজর সিনহার চরিত্রে অভিনয় করবেন ঢালিউডের ‘মেগাস্টার’ শাকিব খান।
তবে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শাকিব সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না, বরং দেখা যাবে তাকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এক দক্ষ এজেন্টের ভূমিকায়। যিনি দেশের জন্য লোমহর্ষক সব অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।
গল্পে থাকবে সত্য ঘটনা ও নাটকীয়তার মিশ্রণ, যা তুলে ধরবে মেজর সিনহার চাকরি জীবনের নানা প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি। সঙ্গে থাকবে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য।
এই নতুন প্রজেক্টের জন্য ইতোমধ্যে সব ধরনের সরকারি অনুমতি নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। সিনেমার টেকনিক্যাল ক্রু হিসেবে যুক্ত থাকবেন বলিউড ও দক্ষিণ ভারতীয় পেশাদাররা। অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে।
শাকিব খানের বিপরীতে ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রীকে নেওয়া হতে পারে, যদিও এখনো চূড়ান্ত করা হয়নি।
পরিচালক সাকিব ফাহাদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কিছু নাটকীয়তা থাকবে। দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের সমন্বয়ে এটি একটি শক্তিশালী গল্পের সিনেমা হবে।
শুটিং শুরু হবে সেপ্টেম্বর থেকে এবং ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটি একযোগে মুক্তি পাবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
মন্তব্য করুন