ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার বৈঠক স্থগিত

৫০ শতাংশ শুল্ক আরোপের আগে নির্ধারিত ষষ্ঠ দফার বৈঠক বাতিল

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে নির্ধারিত ষষ্ঠ দফা বৈঠক স্থগিত করা হয়েছে। ২৫ থেকে ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ভারতের সঙ্গে আলোচনা করার কথা থাকলেও তারা সফর বাতিল করেছে।

এই সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশিত ৫০ শতাংশ শুল্ক আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে ভারত-যুক্তরাষ্ট্র একটি মিনি ট্রেড ডিল করতে ব্যর্থ হয়। মূল জটিলতা ছিল মার্কিন কৃষি ও দুগ্ধজাত পণ্যে শুল্ক কমানোর দাবিকে ভারত প্রত্যাখ্যান করা।

ভারত স্পষ্টভাবে জানিয়েছে, তারা জেনেটিক্যালি মডিফায়েড (জিএম) খাদ্যপণ্যের আমদানি অনুমোদন করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে বলেছেন, দেশের কৃষক, পশুপালক ও জেলেদের স্বার্থ রক্ষায় কোনো আপস হবে না।

বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা মৌখিকভাবে সফরে অক্ষমতার কথা জানিয়েছেন। ফলে দুই দেশ যৌথভাবে বৈঠক স্থগিত করে শিগগিরই নতুন তারিখ নির্ধারণ করবে।

চলতি বছরের মার্চে ভারত-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার সূচনা হয়। এর মধ্যে একাধিক ভার্চুয়াল বৈঠকও হয়েছে। ভারতের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোন, কাট-অ্যান্ড-পলিশড রত্নপাথর, টেক্সটাইল ও ওষুধ। ৫০ শতাংশ পাল্টা শুল্কের ফলে বিশেষ করে শ্রমনির্ভর টেক্সটাইল খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, রপ্তানিকারকদের মনোবল চাঙা রাখা জরুরি। সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং বিকল্প বাজার খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছেন।